বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরাল পাকিস্তান

0
1043
ছবি সৌজন্যে : এক্স
২০ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার ওরফে পিকে সাউ। বিএসএফ জানিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম সাউ। 
বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, তাদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা সফল হয়েছে। পুর্ণমকে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। সাড়ে ১০টায় তাঁকে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২৩ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পর দিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম সাউ। তখনই পাক রেঞ্জার্স তাঁকে ধরে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং-র পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান।
তাঁকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশচন্দ্র দুবেও।