
দ্বিতীয় জন্ম পেলাম। রিষড়ার বাড়িতে ফিরে বাঁধাভাঙা উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার। শুক্রবার পূর্ণম কুমারের ঘরে ফেরার খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল রিষড়া জুড়ে।
জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয় এলাকা। আয়োজনের খামতি রাখেনি পরিবারও। আনা হয় কেক। এরইমধ্যে বিকেলে হাওড়ার স্টেশনে ট্রেন পৌঁছতে উৎসাহীদের ভিড় আছড়ে পড়ে। পরনে টিশার্ট, জিনস, মুখে মাস্ক। গলায় ছিল রজনীগন্ধা, গোলাপ-গাঁদার মালা পরা অবস্থায় ট্রেন থেকে নামলেন পূর্ণম। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা। দুজনেরই তখন চোখে জল। স্লোগান উঠল ভারত মাতা কি জয়। পরে ব্যান্ডপার্টি সহযোগে হুডখোলা জিপে করে পূর্ণম কুমার সাউ এলাকায় পৌঁছেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মানুষজন। এলাকায় ফিরে পূর্ণম জানিয়েছেন সবার আশীর্বাদে তাঁর দ্বিতীয় জন্ম হয়েছে। পরিবারের সবাইকে দেখতে পেয়ে ভালো লাগছে।
শেষে হুঙ্কার দিয়ে বলেছেন জওয়ানদের ভয় পেতে নেই। পহেলগাঁও হামলার পরদিন ২৩ এপ্রিল ভুল করে সীমান্ত পেরোনোয় পাক রেঞ্জার্সদের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এরপর দীর্ঘ টানাপোড়েন পর শেষপৰ্যন্ত ভারতের চাপে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান।








