
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে প্রতিবাদী পড়ুয়াদের ওপর পুলিশের চরম বলপ্রয়োগ ও পেলেট গান ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তুলেছেন, শান্তিরক্ষার নামে তরুণ ছাত্রছাত্রীদের লক্ষ্য করে নির্বিচারে পেলেট গান ও লাঠি চালিয়েছে পুলিশ।
ঘটনায় এক পড়ুয়ার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, সাহিল নামে এক প্রতিবাদী তরুণ পরীক্ষার্থীর দৃষ্টান্ত তুলে ধরেছেন। রাহুল জানিয়েছেন, ২০ জুলাই ককরোচ জনতা পার্টি-র আয়োজিত সংসদ চলো অভিযানে যখন জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলেন সাহিল, ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে পেলেট ছোড়া হয়।
মেটাল পেলটের আঘাতে সাহিলের একটি চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসকরাও নিশ্চিত নন যে তাঁর দৃষ্টিশক্তি আর কখনও ফিরে আসবে কিনা। প্রসঙ্গত, দিল্লি পুলিশ ও সরকারি ফ্যাক্ট-চেকারা দাবি করেছিলেন যে সেইদিনের মিছিলে পেলেট গান ব্যবহার করা হয়নি। যদিও সেই দাবি উড়িয়ে সাধারণ মানুষের কথা ও হাসপাতাল রিপোর্টের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ওই দিনের মিছিলে একাধিক প্রতিবাদী ছাত্র পেলেট গানের আঘাতে জখম হয়েছেন। দিল্লির মতো দেশের রাজধানীতে ছাত্র বিক্ষোভে পেলেট গানের এই ধরণের ব্যবহার বিরল এবং উদ্বেগজনক।
