
বর্ধমান মেডিকেল কলেজ থেকে ১৮ দিনের শিশুপুত্রকে চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে কিনারা করেছে পুলিশ। পাশাপাশি শিশু চুরির ঘটনায় দুই অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে।
ধৃতদের নাম রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন। বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলার নাম মিনিরা বিবি। বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। মঙ্গলবার শিশু চুরির ঘটনা সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় রিঙ্কি খাতুনের কোলে থাকা শিশুকে নিয়ে। প্রতিবেশী কয়েকজন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকা রিঙ্কি খাতুনের বাড়িতে যান। রিঙ্কি ও তাঁর মা মিনিরা বিবি সদ্যোজাত বললেও তাঁদের সন্দেহ হয়। তখন তাঁরা বর্ধমান থানায় খবর দেন। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের উত্তরপাড়ায় গিয়ে চুরি যাওয়াকে শিশুকে উদ্ধার করেছে। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে রাতে।
শিশুকে ওই দুই মহিলা কেন চুরি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বাচ্চাকে ফিরে পেয়ে খশি পরিবার। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শিশুটির বাবা সুজল শেখ।








