
রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে হাড়োয় খালে একটি বেসরকারি বাস পড়ে গিয়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। দেগঙ্গা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
ঘটনাস্থলে গিয়েছে রাজারহাট থানার পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালে পড়ে যায়। সেই সময় বাসে ছিলেন প্রায় ৫০ জন যাত্রী। বাসটি বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, রাস্তার অবস্থা খারাপ। এই কারণে প্রতি দিনই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন তাঁরা।
তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বেপরোয়া গতিতে বাসটি ছোটাচ্ছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি।
