নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত ১৮

0
71
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়েছে বাস। রবিবার বেশি রাতের দিকে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
আহত হয়েছেন আরও অনেকে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। রবিবার রাতে পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। পৃথ্বী মহাসড়ক ধরে যাওয়ার সময়ে রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গজুরি নদীতে উল্টে পরে বাস। ধাদিং জেলার ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা জানান, দুর্ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়েছে।
নদীতে বাস উল্টে পড়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে স্থানীয় পুলিশ, পুলিশের সশস্ত্র বাহিনী এবং নেপালি সেনাও ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় বাহিনীকে। সরকারি ভাবে নিহতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে বেশ কয়েক জন বিদেশিও ছিলেন।