
হুগলির আরামবাগে বাস উল্টে গিয়ে দুই মহিলাযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। পুলিশ সূত্রে খবর, মৃত লক্ষ্মী মুর্মু ও শর্মিলা সরেন।
তাঁদের দু’জনের বাড়িই পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁদের অনেকেরই এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে অ্যাম্বুল্যান্স যেতে দেরি করায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বর্ধমান-তারকেশ্বর রুটের। মঙ্গলবার সকালে বর্ধমান থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি। আরামবাগের আদমবাঁধ এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি।
বিকট শব্দে চমকে যান স্থানীয়েরা। তাঁরাই জড়ো হয়ে উদ্ধারকাজে হাত লাগান প্রথমে। পরে খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ।
