
বৃহস্পতিবার থেকে তিনদিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে গেলেন বাস মালিকরা। তবে এখনই প্রত্যাহার নয়। সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে পয়লা সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা।
বুধবার লালবাজারে কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে বাস সংগঠনের তরফে জানানো হয়েছে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছিল। পুলিশ কমিশনার আশ্বস্ত করেছেন। মূল দাবি ছিল পুলিশি অত্যাচার, দ্বিতীয়ত কোভিড পিরিয়ডে ক্ষতি আর তৃতীয় বিষয়টি অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে। পাশাপাশি আরও বলা হয়েছে জুন থেকে সংযোগ পোর্টাল চালু হওয়ার কথা। পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম শিথিল করা হবে। এবং পুরনো কেসগুলো তোলা হবে না বলেও আশ্বস্ত করেছেন কলকাতার পুলিশ কমিশনার। পরে সাংবাদিক বৈঠকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন বাস মালিকদের হেনস্থা করা উদ্দেশ্য নয়। নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। কোথাও বাসে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিকদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে।
মন্ত্রী এও জানিয়েছেন বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন কিন্তু এখনই ভাড়া বাড়ানো যাবে না বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশি জুলুম এবং একাধিক বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে তিনদিন বাস ধর্মঘটের ডাক দিয়েছিলেন পরিবহণ ব্যবসায়ীরা।





