
অশান্তির মধ্যেই মণিপুরের স্পর্শকাতর এলাকায় বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এন বীরেন সিংয়ের সরকার। ফলে অশান্ত মণিপুরকে আবার পুরনো ছন্দে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে।
তবে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই এক জেলা থেকে আর এক জেলায় চলবে বাস। গত ১৯ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাস পরিষেবা চালুর প্রয়াস সরকারের। বুধবার থেকেই মণিপুরে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হয়েছে। ইম্ফল থেকে কাংপোকপি হয়ে সেনাপতি এবং ইম্ফল থেকে চুরাচাঁদ হয়ে বিষ্ণুপুর এই দুই রুটে আবারও বাস পরিষেবা শুরু করার কথা জানিয়েছে মণিপুর সরকার।২০২৩ সালের মে মাস থেকে জাতিসংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হাজারের বেশি মানুষ। গত মাসে মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময়কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। তারপর থেকেই মণিপুরের স্পর্শকাতর জেলাগুলির নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কার্ফু। তার মাঝেই আবার ১৬ নভেম্বর রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা।
হামলার চেষ্টা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতেও। পরে ধাপে ধাপে কার্ফু শিথিল করা হলেও এখনও মণিপুরে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক নয়।








