
পেট্রল শেষ, পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন। গত মঙ্গলবার থেকে পরিবহণ ধর্মঘটে এমনই ছবি প্রায় গোটা ওড়িশা জুড়ে।
চালকদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি সরকারি তহবিল গঠন, ৬০ বছর বয়স হলে পেনশন প্রদান, জনরোষ থেকে চালকদের রক্ষা করতে তাঁদের আইনি সহায়তা দেওয়া, ১০০ কিলোমিটার অন্তর একটি করে পার্কিং লট এবং চালকদের বিশ্রামকক্ষ তৈরি করা মূলত এই দাবিগুলোকে সামনে রেখে ওড়িশার বেসরকারি যানবাহন চালকদের সংগঠন ওড়িশা ড্রাইভার্স মহাসঙ্ঘ ধর্মঘট করে আসছে।
মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে তেলের ট্যাঙ্কারগুলি। ট্রাক চালচল বন্ধ হওয়ায় পণ্য পরিবহণও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় ওড়িশার পরিবহণমন্ত্রী বিভূতি জেনা ধর্মঘটীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পাশাপাশি জনস্বার্থে ধর্মঘট তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তবে চালকদের সংগঠনের দাবি, লিখিত আশ্বাস দিতে হবে সরকারকে।








