
৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ী রহিম বিশ্বাস।
তাঁর অভিযোগ, ২০২২ সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খান তাকে অপহরণ করে। পুলিশি তৎপরতাই মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে। কিন্তু কয়েক মাস হল জামিনে ছাড়া পাওয়ার পরেই এলাকায় ফিরে এসে আবার সন্ত্রাস শুরু করেছে জহুরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরও জানিয়েছেন, থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং ৫ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছে।
এরপরেই বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাস্তায় মারতে মারতে তাঁকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কোনওমতে প্রাণ রক্ষা করে বাড়ি ফেরেন ওই ব্যবসায়ী। এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার।





