
আবার জাল লটারির হদিস বীরভূমে। প্রায় ৩০ লক্ষ টাকার নকল লটারির টিকিট উদ্ধার বীরভূমের কাঁকরতলা থানা এলাকায়। ওই কাণ্ডে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে, জাল লটারির টিকিট বিক্রির জন্য বড় একটি চক্র কাজ করছে। শুধু বীরভূম-ই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ। বীরভূম জেলার পুলিশ সূত্রে খবর, প্রচুর পরিমাণ লটারির টিকিট আনা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা থেকে। বাজারে বাজারে সেগুলো ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল। তবে সেই খবর পেয়ে কাঁকরতলা থানার একটি জায়গায় হানা দিয়েছিল তারা। শেখ বান্টি নামে এক লটারি বিক্রেতাকে প্রথমে আটক করে তারা।
তাঁর কাছে প্রায় ৩০ লক্ষ টাকার লটারির টিকিট ছিল। জিজ্ঞাসাবাদের পর ওই লটারি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
