
কেউ বেললেন রুটি, কেউ দিলেন পুজো। রবিবাসরীয় প্রচারে জমজমাট তৃণমূলের প্রচার। নদিয়ার করিমপুরে জোংড়াদহ কালীমন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার সেরেছেন তৃণমূলের অভিনেতা প্রার্থী সোহম চক্রবর্তী।
শনিবার রাতেই সোহম করিমপুরে পৌঁছে গিয়েছিলেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। এরপর রবিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েন তিনি। এলাকায় বাইক র্যালিও করেছেন সোহম চক্রবর্তী। ভাঙড়ে সওকত মোল্লার সমর্থনে প্রচার করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ। জাগুলগাছি অঞ্চলের ঘটকপুকুর থেকে শুরু হয় রবিবাসরীয় প্রচার। জনসংযোগের পাশাপাশি খোঁজখবর নিয়েছেন এলাকার মানুষের। ভাঙড়ের পাশাপাশি ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও ছিলেন। ইদের আমেজ কাটতেই দুই প্রার্থীকে নিয়ে জোরকদমে প্রচার সেরেছেন সায়নী ঘোষ। সকাল সকাল মানিকতলা অঞ্চলে প্রচারে ছিলেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে।
নিজের হাতে দেওয়ালও লিখেছেন তিনি। কথা বলেছেন মানুষের সঙ্গে। প্রচারে নজর কেড়েছেন হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। গৃহস্থের হেঁসেলে ঢুকে রুটি বেলতেও দেখা গিয়েছে তাঁকে।






