
রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তৃণমূলে চলা বিদ্রোহের আবহেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। নির্বাচনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ জুলাই ফাঁকা এই তিন আসনে উপ নির্বাচন ও গণনা সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন।
ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সে দিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।
