
পালা বদল হতেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার গলির মুখে সিজার ব্যারিকেড সরিয়ে দিয়েছে পুলিশ। এতদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল।
পরিচয় জানাতে হত। কী কাজ, কার সঙ্গে দেখা করতে চান। পুলিশের এমন নানা প্রশ্নের সম্মুখীন হতে হত মানুষজনকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার লোকেদেরও পকেটে বা ব্যাগে আধার কার্ড রাখতে হত। কিন্তু মঙ্গলবার সকাল হতে এসব অতীত। ভোটের ফলের পরদিনই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখে পুলিশ রয়েছে ঠিকই, কিন্তু তাঁরা কাউকে আটকাচ্ছেন না।
সিজারস ব্যারিকেডও খুলে দিয়েছে। একসময়ের অভেদ্য দুর্গ হরিশ চ্যাটার্জি স্ট্রিট এখন সবার জন্য অবাধ।








