
আগামী ২৮ এপ্রিল, সোমবার কলকাতা হাইকোটে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানি হতে চলেছে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা।
এর আগে ৭ এপ্রিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি সৌমেন সেন। ফলে মামলাটি হাইকোর্টের প্রধানবিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে চলে যায়। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নিদেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। সেই মামলারই শুনানি হবে ২৮ এপ্রিল।
এছাড়া, এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিংহ প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।




