
তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।
বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে বলেছেন। ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর কাউন্সিলর স্বামী দেবরাজ। ২০২১-এ রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে অদিতি মুন্সি ভোটে জেতার পর ৫ বছরে ওই দম্পতির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, অর্থপাচারের অভিযোগ ওঠে। নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগ ওঠে অদিতির বিরুদ্ধে। আগের শুনানিতে আদালত জানিয়েছিল ১৯ জুন পর্যন্ত দম্পতিকে গ্রেফতার করা যাবে না। তবে বুধবার আদালত অদিতি মুন্সির চার মাসের সন্তান থাকায় তাঁকে আগাম জামিন দিয়েছে। তবে অদিতিকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। আপাতত বিদেশে যেতে পারবেন না শিল্পী।
নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। আর বাগুইআটি এলাকায় ঢুকতে পারবে না তিনি। তবে তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে।
