
আর গড়িমসি নয়, ১৫ ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটায় মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়ে বলেছেন বারবার সময় বাড়ানোর ফলে মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ বহু দিন থেকেই আটকে রয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের কাজ এখনও থমকে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের দাবি রাস্তা বন্ধের অনুমতি না মেলাতেই কাজ শুরু করা যাচ্ছে না। নভেম্বরে কাজ শুরু কথা থাকলেও কিছু হয়নি। ওই সংক্রান্ত মামলায় মঙ্গলবার আদালত জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে ট্রাফিক নিয়ন্ত্রণ এড়ানো যাবে না।
সেই কারণে পিলার নির্মাণের জন্য ১৫ ফেব্রুয়ারির আগে টানা তিন রাত সংশিল্পষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা ৬ জানুয়ারির মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেডকে জানাতে হবে রাজ্যকে।








