সিবিআই-র বিরুদ্ধে শাহজাহানের আবেদনে হস্তক্ষেপ না হাইকোর্টের

0
162
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ বলেছেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হচ্ছে না। সন্দেশখালিতে দুই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শাহজাহান। সোমবার তাঁর সেই আবেদনের রায় ঘোষণা করে আদালত। আদালতের একটি সূত্রে খবর, ২০১৯ সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সন্দেশখালির ভাঙিপাড়ায় রাজনৈতিক অশান্তি চলছিল। সেই বছরের ৮ জুন সেখানকার একই পরিবারের দুই বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। এ পর্যন্ত ওই পরিবারের এক সদস্য নিখোঁজ। মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহনের নাম ছিল। কিন্তু মামলাটি যখন সিআইডি হাতে নেয় এবং আদালতে চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে। ওই ঘটনার পাঁচ বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মৃতদের মধ্যে এক জনের স্ত্রী।

সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন শাহজাহান। সোমবার রায় হস্তক্ষেপ করল না আদালত।