
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর ঘটনায় রাজ্য, সিইএসসি, কলকাতা পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিইএসসিকে রিপোর্ট দিতে বলেছে।
পাশাপাশি নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভা কী পদক্ষেপ করছে সেই বিষয়েও রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকেও। এর পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও শহরতলি শাসন, বিষ্ণুপুর এবং নরেন্দ্রপুরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার নালা পরিষ্কার করার সময় জলে পড়ে মৃত্যু হয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর।



