
আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে।
সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতারিতে আর বাধা থাকবে না সিআইডি-র। অভিষেকের আইনজীবীর কোনো যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। আদালতের নির্দেশ মেনে শনিবার বিকেল ৩টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক, জানিয়েছেন তাঁর আইনজীবী। তবে একই সঙ্গে কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, তার নিশ্চয়তাও চেয়েছেন। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় অভিষেকের যুক্তি, ওই কণ্ঠস্বর যে তাঁরই তা তিনি অস্বীকার করেননি। তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই।
গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। আগামী ১৮ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
