
বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট। ৩ বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে।
কলকাতা হাইকোটের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-র চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। হাইকোর্টের সামনে ১৪৪ ধারা থাকে। তাই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে তারা সিটি সিভিল কোর্টের সামনে অবস্থান শুরু করেন। সেখানে বিকাশরঞ্জন ভট্টাচার্য-র দুই জুনিয়র ফিরদৌস শামিম এবং সুদীপ্ত দাশগুপ্ত-র চেম্বার রয়েছে। সেখানে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার বিক্ষোভস্থলে বিকাশরঞ্জন ভট্টাচার্য পৌঁছলে জলের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ।
তখন বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আইনজীবী শামিম। তার সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের।









