
হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর চাপ কমাতে এবার গঙ্গার তলা দিয়ে কলকাতা থেকে হাওড়ায় পণ্যবাহী ট্রাক চলাচলের সুড়ঙ্গ তৈরি করবে কেন্দ্র সরকার। আগামী বছর থেকেই সেই কাজ শুরু হয়ে যেতে পারে। এ নিয়ে রাজ্যের সঙ্গেও কেন্দ্রের প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে।
তবে শেষ হতে কত দিন লাগতে পারে, তা এখনও কেউ বলতে পারছেন না। প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনেই হবে ওই সুড়ঙ্গ তৈরির কাজ। কলকাতার দক্ষিণ প্রান্তে মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার প্রস্তাবিত সুড়ঙ্গ মূলত ট্রাক যাতায়াতের জন্যই তৈরি হবে। এর ফলে বন্দর এলাকার ট্রাক হাওড়া হয়ে বিভিন্ন জাতীয় সড়ক ধরে রাজ্যের অন্যত্র যেতে পারবে। মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যেতে পারে। এদিকে. জট কাটিয়ে হুগলি নদীর বুকে নতুন একটি সেতুর জন্য জমি জোগাড় অবশেষে চূড়ান্ত করেছে রাজ্য। হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর পরে হুগলি নদীর উপরে তৃতীয় সেতুটি প্রস্তাবিত বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের সঙ্গে জোড়ার কথা। এখন কেন্দ্র তথা জাতীয় সড়ক কর্তৃপক্ষের চূড়ান্ত ছাড়পত্রের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সড়ক পরিকাঠামো খাতে কেন্দ্রের থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার সুবিধা পেতে চলেছে রাজ্য। তাতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ রক্সৌল-হলদিয়ার নতুন একটি এক্সপ্রেসওয়েও পাচ্ছে রাজ্য।
তাতে ২০-২৫ হাজার কোটি টাকা ব্যয় করবে এনএইচএআই। খড়গপুর-মোড়গ্রামের মধ্যে প্রায় ২৩৪ কিলোমিটার দীর্ঘ আর একটি এক্সপ্রেসওয়েরও ছাড়পত্র মিলেছে। তাতেও কম-বেশি ১০ হাজার কোটি টাকা খরচ হবে।
