গার্ডেনরিচে ভাঙা বহুতলের নির্মাণসামগ্রী নিম্নমানের, রিপোর্ট

0
669
Dilapidated multi storey building in Gardenrich is of poor quality report
Dilapidated multi storey building in Gardenrich is of poor quality report
গার্ডেনরিচে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের নির্মাণসামগ্রী ছিল অত্যন্ত নিম্নমানের। সম্প্রতি কলকাতা পুরসভার কমিশনারের কাছে জমা পড়া প্রাথমিক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেই সূত্রের খবর।
২২ মার্চ সাত সদস্যের এক কমিটি গঠন করে কলকাতা পুরসভা ঘটনার তদন্ত শুরু করে। গত শুক্রবার প্রাথমিক রিপোর্ট জমা পড়ে পুর কমিশনার ধবল জৈনের কাছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সেই রিপোর্টে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বহুতলটির নির্মাণে ব্যবহৃত বালি, সিমেন্ট থেকে শুরু করে লোহার রড কিংবা স্টোন চিপ— সব কিছুই ছিল অতি নিম্ন মানের। স্বল্প বিনিয়োগে বিরাট আয়ের লক্ষ্যেই এমন করা হয়েছে বলে জেনেছে ওই তদন্ত কমিটি। বহুতল নির্মাণের ক্ষেত্রে নির্মাণ সংস্থার যে অভিজ্ঞতার প্রয়োজন, তা-ও ওই প্রোমোটিং সংস্থার ছিল না বলেই উঠে এসেছে রিপোর্টে। এ ছাড়াও ওই কমিটির রিপোর্টে জানা গিয়েছে, কলকাতা পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবাসন নির্মাণের ক্ষেত্রে যে ন্যূনতম নিয়মকানুন, নিরাপত্তাবিধি মানতে হয়, তার ছিঁটেফোটাও মানা হয়নি। ১৭ মার্চ গভীর রাতে গার্ডেনরিচ এলাকার ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে।