
দেশের হয়ে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই অধিনায়ক। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। জ়িম্বাবোয়ের ক্রিকেটে এমনটাই ঘটেছে। জোনাথন ক্যাম্পবেল জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই নেতৃত্ব দিয়েছেন দলকে।
সম্পর্কে তিনি প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের পুত্র। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে নেমেছে জ়িম্বাবোয়ে। সেই ম্যাচেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ২৭ বছরের ক্যাম্পবেল।টেস্ট শুরু হওয়ার কিছু ক্ষণ আগে অধিনায়ক ক্রেগ এরভিন পারিবারিক কারণে না খেলার সিদ্ধান্ত নেন।তাই ক্যাম্পবেলকে অধিনায়ক করা হয়। জ়িম্বাবোয়ের তরফে জানানো হয়েছে যে, ঘরোয়া ক্রিকেটে ক্যাম্পবেল নেতৃত্ব দিয়েছেন।তিনি মাঠে দারুণ প্রাণশক্তির সঞ্চার করেন। ফর্মেও রয়েছেন ক্যাম্পবেল। সেই কারণেই তাঁকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে জ়িম্বাবোয় ক্রিকেট বোর্ড।উল্লেখ্য,১৯৯২ সালে প্রথম বার টেস্ট খেলেছিল জ়িম্বাবোয়ে।
ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ডেভ হাউটন। অভিষেক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছিলেন তিনি। হাউটনের পর জ়িম্বাবোয়ের হয়ে এই প্রথম কেউ অভিষেক টেস্টে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন।
