
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের এই ঐতিহাসিক লড়াইয়ের ঠিক আগের মুহূর্তে, এক চরম অস্বস্তিতে পড়েছে আফ্রিকান দলটি।
দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জানানো হয়েছে,তারকা ফুটবলারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।মাঠের লড়াইয়ে নামার আগে খোদ অধিনায়কের এমন আইনি জটিলতা ও শাস্তির আশঙ্কা কেপ ভার্দে শিবিরের মনোবলে বড় এক ধাক্কা দিয়েছে, যা পুরো দলকে ঠেলে দিয়েছে চরম উৎকণ্ঠার মুখে।ঘটনাটি গত মার্চ মাসের। সে সময় নিউজিল্যান্ডে চিলি ও কেপ ভার্দেকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কেপ ভার্দে দলের ভাষাগত সুবিধার জন্য একজন ব্রাজিলিয়ান মহিলাকে দোভাষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে ওই মহিলা মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।ভুক্তভোগী মহিলার অভিযোগ, কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল,সেখানে এক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই তিনি সেখানে যান।কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়,বরং একটি পার্টি।
একপর্যায়ে শরীর খারাপ লাগায় তিনি নিজের কক্ষে ফিরে যান। এরপর মেন্দেস তার কক্ষে এসে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই মহিলা।উল্লেখ্য,তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলা ৩৬ বছর বয়সী মেন্দেসের বিরুদ্ধে ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।
