
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসের পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তারা এক বিবৃতিতে বলেছে, চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ঘটনার কারণ এখনো অস্পষ্ট। অভিযুক্তের ব্যাপারেও কোনো তথ্য জানায়নি পুলিশ।








