
আবারও সল্টলেকে ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা দিয়েছে চারচাকা গাড়ি। অভিযোগ, দুর্ঘটনার পরে গাড়ি থেকে নেমে এসে ওই ডেলিভারি বয়কেই মারধর করেছেন গা়ড়ির চালক।
পরে তাঁকে পুলিশ আটক করেছে। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে গাড়িটি। স্কুটির চালক ছিটকে পড়ে যান এবং চোট পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পর ওই গাড়ির চালকের সঙ্গে আহত যুবকের বচসা শুরু হয়। অভিযোগ, গাড়ি থেকে নেমে এসে যুবককে হেনস্থা করেছেন চালক। এমনকি, মারধরও করেন। পরে স্থানীয়েরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
তারা গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। কী ভাবে স্কুটি এবং ওই গাড়ির সংঘর্ষ হল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।








