
তামিলনাড়ুতে খাদে পড়ে গিয়েছে পর্যটক বোঝাই একটি ভ্যান। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত চালক-সহ ৪।
জানা গিয়েছে, শুক্রবার ভ্রমণ সেরে ফিরছিল ভ্যানটি। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে যায় খাদে। ওই ভ্যানে চালক-সহ ১৩ জন যাত্রী ছিলেন। সকলেই কেরলের মানিপ্পুরমের বাসিন্দা। ভালপারাই-পোলাচি হিল রোডে আসার পরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতাতেই এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। তদন্তকারীরা পুরো বিষয়টিই খতিয়ে দেখছে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ভেঙেচুরে গিয়েছে। এদিকে এই দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি। এক পুলিশ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানাচ্ছেন, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন মহিলা ও একজন পুরুষ।
গাড়ির চালক মারাত্মক জখম। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
