
নির্বাচনী বিধিভঙ্গ, পুলিশকে চড় মারার অভিযোগে দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই জোড়া মামলায় নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার।
দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, ভোটের ঠিক আগে গোবিন্দপুরী থানায় আতিশীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। আপ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে প্রায় ৬০-৭০ জন আপ সমর্থকের সঙ্গে ফতেহ সিংহ মার্গের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের সঙ্গে ১০টি গাড়িও ছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ তাঁদেরকে বাধা দিতে গেলে জনৈক আপ সমর্থক এক কনস্টেবলকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। দু’জন সমর্থক মিলে ওই পুলিশকর্মীকে হেনস্থাও করেন। এর পরেই আতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত দুই আপ সমর্থক অস্মিত এবং সাগর মেহতাকেও চিহ্নিত করে আটক করেছে পুলিশ। যদিও আতিশীর পাল্টা অভিযোগ, বিজেপি নেতা রমেশ বিধুড়ীর পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাঁকে নিশানা করেছে দিল্লি পুলিশ।





