
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করার চেষ্টার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের খুলশী থানায় মামলাটি দায়ের করেছেন ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্র সাইফুদ্দীন মহম্মদ এমদাদ।
আওয়ামি লীগ নেত্রী ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ অগাস্ট ওয়াসা মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামি লীগের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করে।
এতে গুলি মাথায়, পায়ে, মুখে ও চোখে লেগে আহত হয়েছিলেন এমদাদ। চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা করার পরও তাঁর ডান চোখে দৃষ্টি ফেরেনি। জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামে এ পর্যন্ত ১৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
