
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। মামলা হয়েছে কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও। আদালতে কর্নাটক সরকার জানিয়েছে, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে। গঠন করা হচ্ছে বিশেষ তদন্তকারী দলও।
সূত্রের খবর, আরসিবি-র সোশ্যাল মিডিয়ায় বুধবার বিকেল ৩টে ১৪ মিনিটে যে পোস্টটি করা হয়েছিল, তা তদন্তকারীদের নজরে রয়েছে। ইতিমধ্যে কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে। ১৫ দিনের মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে বলে বুধবারই জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্নাটক হাইকোর্ট এই ঘটনায় বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। শুনানি হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম জোশির ডিভিশন বেঞ্চে।
বেঙ্গালুরুর কব্বন পার্ক থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, মামলায় অভিযুক্ত হিসাবে আরসিবি, কেএসসিএ-সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই মামলা রুজু হয়েছে।
