
রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।
আগামী ৫ জুন এই মামলার শুনানি। বৃহস্পতিবার মাঝরাতে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশ করা হয়। গেজেট বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর।ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ ১০ ছিল, এখনও তা-ই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ নম্বর। এ ছাড়া লেকচার ডেমোস্ট্রেশন-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হয়েছে। গেজেটে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বিধি অনুসারে, প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। যদিও এও বলা হয়েছে যে, কমিশন চাইলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলিরও মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করতে পারবে।








