
মুর্শিদাবাদে হিংসায় বিশেষ তদন্তকারী টিম গঠনের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শশাঙ্ক শেখর ঝা নামে শীর্ষ আদালতের এক আইনজীবী সোমবার এই আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী টিম এই ঘটনার তদন্ত করুক।
সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতে এবং হিংসা যাতে আরও ছড়িয়ে না পড়ে, তার জন্য পদক্ষেপ করতেও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন শশাঙ্ক। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল মুর্শিদাবাদে ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ছে এফআইআরের সংখ্যাও।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেখানে শনিবার রাত থেকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তিন জনের মৃত্যুর খবরও মিলেছে। রেলপথ অবরোধ, পুলিশের ওপর পাথর বৃষ্টি, পলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগও সামনে এসেছে।







