
ত্বিষা শর্মার রহস্যমৃত্যু ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। নয়ডার বাসিন্দা ত্বিষার পরিবার দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতন ও মামলাকে প্রভাবিত করার অভিযোগ তুলছিলেন।
শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করে জানিয়েছে আগামী ২৫ মে মামলাটি শুনবে। শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চে আরও থাকবেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি। আদালত নিজে থেকে এই মামলায় হস্তক্ষেপ করায় ত্বিষার পরিবারের মধ্যে বিচার নিয়ে একরকম আশার আলো ফুটে উঠেছে। ত্বিষার পরিবার অভিযোগ করেছেন, তাঁর স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি – যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন।
এই প্রেক্ষিতেই তাঁরা নিরপেক্ষ তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেন। উল্লেখ্য, মৃতার স্বামী সমর্থ সিং গত ১০ দিন ধরে পলাতক ছিলেন। শনিবার ভোরে তাঁকে করে ভোপালের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। জবলপুর আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর আগে তিনি নিজের অগ্রিম জামিনের আবেদন প্রত্যাহার করেছিলেন। পাশাপাশি তাঁর মা গিরিবালা সিংয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে জামিন বাতিলের নোটিস জারি হয়েছে।








