
কয়েক লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফর্নিয়া-সহ ২০টি মার্কিন স্টেট।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের উপদেষ্টারা গত মাসে ক্যালিফর্নিয়া, ইলিনয় এবং ওয়াশিংটনের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে তুলে দিয়েছেন। প্রশাসনের দাবি, ওই স্টেটগুলিতে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের নামও নথিভুক্ত করা হয়েছে। অথচ সব খরচ বহন করা হচ্ছে রাষ্ট্রীয় করদাতাদের টাকায়! এর পরেই কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। তবে ক্যালিফর্নিয়া-সহ মার্কিন স্টেটগুলির দাবি, এতে যুক্তরাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন করা হয়েছে। এর পরেই ট্রাম্পের এই অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন রাষ্ট্রনেতারা।
এ বিষয়ে ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, বহু মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য অবৈধ ভাবে আইসিই-র হাতে তুলে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ দিনের যুক্তরাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে।








