
নগদকাণ্ডে তিন বিচারপতির অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না! সম্প্রতি তথ্যের অধিকার আইনের আওতায় এক আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
নগদকাণ্ড নিয়ে অনুসন্ধান রিপোর্ট দেখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের এক আইনজীবী। তাঁর আবেদন খারিজের সময় শীর্ষ আদালত পুরনো এক মামলার রায়ের প্রসঙ্গ উল্লেখ করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই রায়ে উল্লিখিত মানদণ্ড অনুসারে, আবেদনকারী যে তথ্য চাইছেন তা প্রকাশ্যে আনা যায় না। ৯ মে আরটিআই আবেদনটি জমা পড়েছিল। ২১ মে সেটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় তথ্য আধিকারিক হিমানি সরদ। শীর্ষ আদালতের কেন্দ্রীয় তথ্য আধিকারিক এ ক্ষেত্রে ২০১৯ সালের একটি মামলার রায়ের কথা উল্লেখ করেছেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুসারে, এই তথ্য প্রকাশ্যে আনা যায় না বলেই জানিয়েছে শীর্ষ আদালত।
গত মার্চে দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের গুদামে আগুন লেগেছিল। দমকলকর্মীরা আগুন নেবাতে গিয়ে পোড়া নোটের বান্ডিল পেয়েছেন বলে দাবি করা হয়।






