
জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, হামলার আগে জঙ্গিদের খাবার এবং গাড়ির ব্যবস্থা করেছিলেন ওই দু’জন।
ধৃতেরা হলেন, লিয়াকত এবং রাজ। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে ধৃতদের যোগাযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।সেনা সূত্রে খবর, কনভয়ে হামলা চালানোর আগে জঙ্গিদের যাবতীয় সাহায্য করেছিলেন ওই দু’জন। হামলা চালিয়ে কী ভাবে গাড়ি নিয়ে পালাতে হবে, সব কিছু ব্যবস্থা করেছিলেন লিয়াকত এবং রাজ। শুধু তাই নয়, পাকিস্তানেও যোগাযোগ রাখতেন ওই দু’জন। ৮ জুলাই মেছেরি-কিন্ডলি-মলহর রোডে বাদনোতা গ্রামের কাছে সেনা কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। কনভয় লক্ষ্য করে স্বয়ংক্রিয় এবং অত্যাধুনিক অস্ত্র গিয়ে গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি কনভয় লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়া হয়।কাঠুয়ার সেই জঙ্গি হামলায় পাঁচ জওয়ান নিহত হয়েছিলেন। কাঠুয়ার ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে ওই জেলায়।
