
আধাসেনায় চাকরির টোপ দিয়ে কোটি টাকা প্রতারণায় অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। মহেশকুমার চৌধুরি কেন্দ্রীয় বাহিনীতে সেপাই পদে কর্মরত। নামে ওই ব্যক্তি কাঁকিনাড়ায় ইঞ্জিনিয়ারিং স্টোর ডিপোয় কাজ করেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মহেশই এই চক্রের মাথা। তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার চক্রকে তিনিই পরিচালনা করতেন বলে অভিযোগ। সিএপিএফ-র কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অভিযোগ ২০২১ এবং ২০২২-র নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। তদন্তে নেমে মহেশের নাম জানতে পারে সিবিআই। এরপরেই তাঁকে কামারহাটি থেকে গ্রেফতার করে সিবিআই।
শনিবার মহেশকুমার চৌধুরিকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
