
আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্তে প্রায় ৩ ঘন্টা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে জেরা করেছে সিবিআই। শুক্রবার দুপুর দুটোর পরে শ্যামবাজারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিবিআইয়ের দুজন অফিসার। তাঁদের হাতে ফাইলপত্র ছিল।
এরমধ্যে আর জি কর দুর্নীতিকাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও রয়েছেন। সেই সময় বাড়িতেই ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তৎকালীন রোগীকল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষকে হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। আর জি করে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে নেমে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। বিভিন্ন সময় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি অভিযোগ ওঠে আর জি করে। সেই ঘটনায় গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর নিরাপত্তারক্ষী আফসার আলি, সরঞ্জাম সরবরাহকারী বিপ্লপ সিংহ, সুমন হাজরা এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকেও আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের বিরুদ্ধে ১৪ জুলাই চার্জগঠন হয়। এই মামলার তদন্তে শনিবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অতীন ঘোষের দাবি বুধবার নোটিস অফ উইটনেস পাঠিয়েছিল সিবিআই। আর জি করের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। ২০২২ থেকে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়।
২০২৪ পর্যন্ত ১২টি বৈঠক হয়েছে। তার মধ্যে স্থানীয় বিধায়ক হিসেবে ৮-১০টি বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই ব্যাপারে সিবিআইয়ের প্রশ্ন ছিল। তার উত্তর দিয়েছেন। সিবিআই অফিসাররা বয়ান রেকর্ড করেছেন।






