
মেহুল চোক্সীকে দেশে ফেরানোর চেষ্টায় সিবিআই, ইডি, তাদের আইনজীবী ও বিদেশ মন্ত্রকের কর্তাদের একটি দল বেলজিয়ামে যাবে। সিবিআই-ইডি কর্তারা অবশ্য মনে করছেন, বেলজিয়ামের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও দু তিনটি দিক থেকে বাধা আসতে পারে।
অ্যান্টিগার নাগরিকত্ব, শারীরিক অবস্থার কারণ দেখিয়ে মেহুলের ভারতে ফেরায় আপত্তি তুলতে পারেন তাঁর আইনজীবীরা। এর আগে মেহুল ডমিনিকান রিপাবলিকে ধরা পড়ার পরে ভারতের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তাঁকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই যুক্তি দিয়ে মেহলের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে।
পাঞ্জাব ন্যাশনার ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় মেহুলের বিরুদ্ধে মুম্বইয়ের আদালতের দুটি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মেহুলকে প্রত্যর্পণের জন্য মূলত আদালতের এই পরোয়ানাকেই হাতিয়ার করা হবে।
