
কোনও ঘটনা ঘটলেই কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেন না হয়। সম্প্রতি এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ইন্টেলিজেন্স ব্যুরো-র আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে একটি তোলাবাজির অভিযোগে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। হাইকোর্টের ওই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ ভাবে কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায় না বলে জানিয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন।
২০২২ সালের অক্টোবর মাসে হরিয়ানার পাঁচকুলায় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু হয়। আইবি-র ইনস্পেক্টর জেনারেলের পরিচয় ভাঁড়িয়ে তিনি ১ কোটি ৪৯ লক্ষ টাকা পাঠানোর জন্য এক ব্যক্তিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় শুরুতে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ।
কিন্তু তাতে সন্তুষ্ট না-হয়ে অভিযোগকারী হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আবেদন ছিল মামলার তদন্তভার যেন সিবিআইকে দেওয়া হয়। হাইকোর্টও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।








