সিবিআইকে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ কটাক্ষ কোর্টের 

0
147

১১ বছর পর ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় সিবিআইকে খাঁচাবন্দি তোতাপাখি বলে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট।

ছ’মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়েছেন আপ প্রধান।আর এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার সঙ্গে সিবিআই-র পুরনো খাঁচাবন্দি তোতাপাখির তকমা আবারও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না। আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই খাঁচাবন্দি তোতা। সেই ধারণা বদলে মুক্ত হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের। শীর্ষ আদালতের বক্তব্য, সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা। সিবিআইকে শুধু নিরপেক্ষ হতে হবে তাই নয়, সেটা বোঝাতেও হবে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি যে অনৈতিকভাবে হয়নি, সেটা বোঝানোর সব চেষ্টা করা উচিত। আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ।প্রসঙ্গত,  ২০১৩ সাল কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দি তোতাপাখি বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট।