
হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সাগর দত্ত মেডিক্যালে কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তারেরা। তবে বাকি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কী করবেন, তা জেনারেল বডির বৈঠকের মাধ্যমে স্থির করা হবে।
এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধি কিঞ্জল নন্দ। হাসপাতালগুলিতে নিরাপত্তার প্রশ্নে কিঞ্জল নন্দ আরও বলেছেন, যতই মৌখিক ভাবে আশ্বাস দেওয়া হোক, প্রতিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তার জায়গায় বড় ফাঁক থেকে যাচ্ছে। সাগর দত্তের ঘটনাই তার প্রমাণ। প্রশাসন বলছে তারা পদক্ষেপ করেছে। তা হলে সিঁড়ি ভেঙে চার তলায় উঠে কী ভাবে ডাক্তারদের মারধর করা হল। মহিলা ওয়ার্ডে কী ভাবে বাইরের লোকজন ঢুকে পড়লেন। দরজা ভেঙে হাত ধরে ডাক্তারদের বার করে আনা হয়েছে। এমনকি, আর একটা আর জি কর করে দেব হুমকিও দেওয়া হয়েছে। আর জি করের ঘটনাও নিরাপত্তার অভাবের কারণেই হয়েছে। এত দিন পরেও কেন এই জিনিস শুনতে হচ্ছে।








