
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যেকোনও সময় শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ইরানের বন্দরের ওপর আমেরিকা অবরোধ আরোপের যে ঘোষণা করেছে এতে তারা সমর্থন জানাচ্ছেন।
এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনওভাবেই খারাপ হয়নি বলেও উল্লেখ করেছেন নেতানিয়াহু।তিনি বলেছেন, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেছেন।নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল আমেরিকা ও ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খোলেনি। এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে, যা আমেরিকার কাছে গ্রহণযোগ্য ছিল না।
এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, আমেরিকার দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না।









