
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিধ্বস্ত সুদানে যুদ্ধবিরতিতে সমর্থন করতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি এমন এক সময়ে এই আহ্বান জানান, যখন সংযুক্ত আরব আমিরশাহী’র বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনীকে অর্থায়নের ব্যাপক অভিযোগ উঠেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, রুবিও, আমিরশাহীর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে সুদানে একটি মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এ সময় তারা গাজায় আমেরিকা -সমর্থিত যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বিরল আরব দেশগুলোর একটি হওয়ার ফলে, আমেরিকার কাছে ইউএই বিশেষ গুরুত্ব পেয়েছে। সুদানের সেনাবাহিনী আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস ,আরএসএফ-এর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। তারা বারবার অভিযোগ করেছে যে ইউএই তাদের প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা দিয়ে সহায়তা করছে। সংযুক্ত আরব আমিরশাহী এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
