
সিজেপি-র মূলত তিন দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ধর্না প্রত্যাহারের পর সেই সিজেপি জড়িয়ে পড়েছে উদ্যাপন বিতর্কে। বিতর্কের সূত্রপাত একটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োয় সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস-সহ বেশ কয়েক জনকে নাচানাচি করতে দেখা গিয়েছে।
স্পষ্টতই বোঝা যাচ্ছে, জয়ের আনন্দেই উদ্যাপনে মেতেছেন তাঁরা। যদিও সেই উদ্যাপনকে অনেকেই ভাল চোখে দেখছেন না। সেই বিতর্ক কিছুটা উস্কে দিয়েছে সোনম ওয়াংচুকের বার্তা। শিক্ষাবিদ তথা সোশ্যাল আক্টিভিস্ট সোনম ওয়াংচুক মনে করেন, কোনও জয় বা সাফল্যের উদ্যাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে যেন সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকে। সোনম ওয়াংচুকের সংযোজন, প্রকৃত সাফল্যের বীজ শুধুমাত্র লক্ষ্য অর্জনের মধ্যে নিহিত নয়, বরং তা কী ভাবে স্বীকৃতি পায় সেটাও দেখা উচিত। যদিও সোনম ওয়াংচুক সরাসরি কারও নাম করেননি। এ-ও বলেননি যে তাঁর এই বার্তা সৌরভদের জন্য। এদিকে আন্দোলন সমর্থনকারীদের একটা বড় অংশের নিশানায় ছিলেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাসরা। তাঁদের যুক্তি, উল্লাসের এই ছবি কখনওই কাম্য নয়। এটা অসংবেদনশীন।
নিট কেলেঙ্কারির কারণে অনেক পড়ুয়া আত্মহত্যা করেছেন। সিজেপি-র আন্দোলনের সঙ্গে সেই বিষয়টিও জুড়ে ছিল। সেখানে কেন্দ্রের ক্ষতিপূরণের আশ্বাসকে জয় হিসাবে দেখা হলেও বিষয়টি স্পর্শকাতর। উল্লেখ্য, নিট-আন্দোলন জুড়ে দিয়েছিল সোনম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি, সিজেপি-কে। যন্তর মন্তরে ওয়াংচুকের অনশন আন্দোলনকে এক অন্য পর্যায় পৌঁছে দেয়। যদিও দাবিদাওয়া পূরণ হওয়ার আগেই অনশন ভাঙেন তিনি। তবে শেষপর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল সিজেপি। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরই অবস্থান প্রত্যাহার করে।
