গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি

    অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    ভূত বাংলা মুক্তির আগেই আলোচনা আর বিতর্ক,দুটোই যেন সমানতালে চলছে।অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, তার আগে সার্টিফিকেশন বোর্ডের একাধিক আপত্তির মুখে পড়তে হয়েছে নির্মাতাদের।

    ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। তবে মুক্তির আগে চূড়ান্ত ছাড়পত্র পেতে গিয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে ছবিতে।সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন,সিবিএফসি শেষ পর্যন্ত ছবিটিকে ,ইউ / এ প্রশংসাপত্র দিয়েছে, তবে তার আগে বেশ কিছু কাটছাঁট ও সংশোধনের নির্দেশ দেয় পরীক্ষক কমিটি।জানা গেছে, ছবির ২৬ মিনিটের মাথায় থাকা একটি অশালীন শব্দ পরিবর্তন করতে হয়েছে।পাশাপাশি প্রায় এক ঘণ্টার মাথায় আরো কয়েকটি আপত্তিকর শব্দ সংশোধন করা হয়।শুধু সংলাপেই নয়, ছবির শেষাংশে সাবটাইটেলে থাকা একটি অশালীন শব্দও বাদ দিতে বলা হয়েছে।এ ছাড়া প্রথমার্ধে মহিলাদের নিয়ে একটি অসম্মানজনক সংলাপ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। ধর্মীয় ও কুসংস্কারমূলক বিষয়বস্তুর ক্ষেত্রে উপযুক্ত নির্দেশ বা ডিসক্লেমার যুক্ত করতেও বলা হয়েছে নির্মাতাদের।তবে শুধু শব্দ বা সংলাপ নয়, ছবির দৈর্ঘ্যেও এসেছে বড় পরিবর্তন। প্রথমে প্রায় ১৭০ মিনিট দীর্ঘ এই ছবিটি সংশোধনের পর নতুন করে জমা দিলে মোট ৬৩টি দৃশ্য বাদ দেওয়া হয়।ফলে বর্তমানে ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড।সব মিলিয়ে একাধিক কাটছাঁট ও সংশোধনের পর অবশেষে মুক্তির জন্য প্রস্তুত,ভূত বাংলা। উল্লেখ্য,ছবিটি প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়। এর আগে ১৬ এপ্রিল একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।পাশাপাশি মুক্তির তারিখ পেছানোর কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও, অনেকেই মনে করেছিলেন ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত।যদিও ছবির সহ-প্রযোজক একতা কাপুর এ বিষয়ে বলেছেন, এখনো বক্স অফিসে সফলভাবে চলছে ধুরন্ধর, যা গোটা চলচ্চিত্রজগতের কাছে খুব খুশির খবর। তাই তাঁদের ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটি ছবির পক্ষেই তা ভালো হবে।

    উল্লেখ্য, ভূত বাংলা ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু এবং ওয়ামিকা গাব্বি।