
পশ্চিমবঙ্গ থেকে রাজস্ব আদায় করে নিয়ে গেলেও কোনও টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। তাহলে রাজ্য প্রশাসন কিভাবে শিক্ষা ব্যবস্থা সচল রাখবে।
বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের কটাক্ষ করে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও মন্তব্য, কেন্দ্রের কাছ থেকে দেড় হাজার কোটি টাকা না পাওয়ার ফলে রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট ক্লাসরুম করা যাচ্ছে না। তবে অন্যান্য রাজ্যের স্কুলগুলি ঢালাওভাবে স্মার্ট ক্লাসের পড়াশোনার সুযোগ পাচ্ছে। কেন্দ্র টাকা না দেওয়ায় আগামী দিনে ডিজিটাল ও বাস্তবমুখী ক্লাসের ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের সুফল থেকে দেশের অন্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অর্থে সারা দেশেই তৈরি করা হয় স্মার্ট ক্লাসরুম। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা শুধু স্মার্ট ক্লাসের ক্ষেত্রেই নয়, মিড-ডে মিলের টাকা, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না।
রাজ্য সরকার নিজের অর্থ খরচ করে গরিব পরিবারগুলির জন্য আবাসের বাড়ি তৈরি করে দিচ্ছে। মিড-ডে মিল, স্মার্ট ক্লাস তৈরির বকেয়া টাকা পাওয়ার জন্য বারবার বিকাশভবনের আধিকারিকরা কেন্দ্রের কাছে দরবার করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারকে বরাবরই উদাসীন থাকতে দেখা গিয়েছে।
