
মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী সরানো হবে না। ৩১ জুলাই পর্যন্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
একইসঙ্গে স্থানীয়দের একাংশের দাবি মেনে সেখানে বিএসএফ-র স্থায়ী ক্যাম্পের বিষয়টি বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রকে দেখতে বলেছে আদালত। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওয়াকফ ইস্যুতে ১২ এপ্রিল মুর্শিদাবাদে একাধিক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় তিনজনের। বহু ঘরবাড়ি লুঠ, ভাঙচুর এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের হিংসার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় শুনানিতে মুর্শিদাবাদে পুলিশের সংখ্যা কম নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। যদিও পাল্টা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি পহেলগাঁওয়ের উদাহরণ টানেন। বলেন সারা দেশেই বাহিনী কম। পর্যাপ্ত বাহিনী থাকলে পহেলগাঁও হত না। এদিকে মুর্শিদাবাদের মামলা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন।
যেহেতু পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চ রয়েছে, সেই যুক্তি দিয়েই বৃহস্পতিবার মামলা ছেড়েছেন বিচারপতি সৌমেন সেন।








